বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে তিন গুণ, দিনে ১৪৩ কোটি টাকা
বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে নতুন রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। তিনি বলেছেন, দেশে ক্যাশলেস লেনদেনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে এবং আগামী এক বছরের মধ্যেই এর বিস্তার আরও দৃশ্যমান হবে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ডিজিটাল লেনদেনবিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বাংলা কিউআর সেবাকে জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক সারা দেশে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে বাংলা কিউআরের ব্যবহার প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। বর্তমানে এ ব্যবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে। সারা দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন এবং বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে নগদ অর্থের ওপর নির্ভরতা কমছে। বাংলা কিউআরের মাধ্যমে সহজ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি হওয়ায় দেশে ক্যাশলেস অর্থনীতির বিস্তার আরও ত্বরান্বিত হচ্ছে।