গুম-খুনের রাজনীতি নয়, সম্প্রীতিতে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
গুম-খুনের রাজনীতি পরিহার করে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গান্ধী আশ্রম ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর রাজনীতি ও দেশ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বহুগুণ বেড়েছে। এই প্রত্যাশা পূরণে হানাহানি ভুলে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশ পুনর্গঠন এবং মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।
আলোচনা সভায় বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ও কৃষ্টির প্রসঙ্গ তুলে ধরেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পাশাপাশি ১৯৪৭ সালে মহাত্মা গান্ধীর নোয়াখালী সফরের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগের কথাও স্মরণ করেন তিনি।