আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটারে বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা
দেশে আবারও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। নতুন দাম ওই দিন দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।
তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণপত্রের বিবরণীতে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্য ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।