পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার (১১ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের একটি দল বন্দুকধারীদের হামলার শিকার হয়। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের তীব্র বন্দুকযুদ্ধও হয়।
এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।
গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। বৈশ্বিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ক্রমাগত বেড়েছে।
সংস্থাটির পরিসংখ্যান বলছে, ২০২২ সালে পাকিস্তানে ৬৫৮টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে, যা ২০২২ সালের তুলনায় প্রায় চার গুণ।