বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।


বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, তিনতলা আবাসিক ভবনটি হঠাৎ ধসে পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর পড়ে। এতে ভবনটির ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়েন। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন।


আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করা হচ্ছে।


নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, এ ঘটনায় দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানান তিনি।