উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, মুখ্যমন্ত্রী প্রার্থী আজাদ
ভারতের উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচন সামনে রেখে জোট গড়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও আজাদ সমাজ পার্টির (কানশিরাম) প্রধান চন্দ্রশেখর আজাদ। ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ নামে গঠিত এ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেছেন ওয়াইসি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন দুই নেতা। এ সময় ওয়াইসি বলেন, বর্তমানে উত্তর প্রদেশের বিজনোর জেলার নাগিনা আসনের লোকসভা সদস্য চন্দ্রশেখর আজাদ হবেন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
ওয়াইসি বলেন, উত্তর প্রদেশে বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা থেকে ঠেকাতে এই জোট শক্তিশালী বিকল্প হয়ে উঠবে বলে তিনি আত্মবিশ্বাসী। তিনি চন্দ্রশেখর আজাদকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।
জোট ঘোষণার পর উত্তর প্রদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেসের জোটের বিকল্প হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে।
তবে একে তৃতীয় ফ্রন্ট বলতে নারাজ চন্দ্রশেখর আজাদ। তিনি বলেন, এটি তৃতীয় ফ্রন্ট নয়, বরং সামাজিক পরিবর্তন মোর্চা। এর গুরুত্ব বুঝতে পারলে এটিকে প্রথম ফ্রন্ট হিসেবে বিবেচনা করা হবে।
ওয়াইসি-আজাদের এই জোটের কারণে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও তাদের মিত্র কংগ্রেসকে সতর্ক অবস্থান নিতে হতে পারে। কারণ, জোটটির প্রধান লক্ষ্য দলিত ও মুসলিম ভোটার। উত্তর প্রদেশের মোট জনসংখ্যার প্রায় ৪১ শতাংশ এই দুই সম্প্রদায়ের মানুষ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলিত ও মুসলিম ভোটারদের সমর্থন আদায় করেই উত্তর প্রদেশে ভালো ফল করেছিল এসপি। রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৩৭টিতে জয় পায় দলটি। যাদব, দলিত, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং বিশেষ করে নিষাদদের মতো অযাদব সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম ভোটারদের একত্র করতে পেরেছিল অখিলেশের দল।
২০১৯ সালের নির্বাচনে বহুজন সমাজ পার্টির (বিএসপি) সঙ্গে জোট করেও দলিত ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন পায়নি এসপি। ওই নির্বাচনে তফসিলি জাতির জন্য সংরক্ষিত ১৭টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছিল বিজেপি।
তবে ২০২৪ সালের নির্বাচনে ওই ১৭টি আসনের মধ্যে সাতটিতে জয় পায় এসপি। ২০১৯ সালে বিএসপি জয়ী হওয়া নাগিনা আসনে এবার জয় পান চন্দ্রশেখর আজাদ। একই সময়ে এসপির ভোটের হারও ১৫ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট বেড়েছিল। দলিত ও মুসলিম ভোটারদের সমর্থন আদায় এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে গত বছর বিহার বিধানসভা নির্বাচনেও জোট বেঁধেছিলেন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ। তবে সেখানে তাদের জোট প্রত্যাশিত সাফল্য পায়নি। দুই দল মিলে ৪৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায় মাত্র পাঁচটিতে। সব কটি আসনেই জয়ী হন এআইএমআইএম প্রার্থীরা। ওই জোটে পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টিও ছিল। দলটি ৩৬টি আসনে প্রার্থী দিলেও কোনো আসনে জয় পায়নি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।