নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত বেশ কয়েকজন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন দমকলকর্মীরা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার দিকে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। এলাকাটিতে মূলত কৃষ্ণাঙ্গ ও আফ্রো-ক্যারিবীয় সম্প্রদায়ের মানুষের বসবাস।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উদ্ধার তৎপরতার সর্বশেষ তথ্য জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
নিউইয়র্ক নগরীর দমকল পরিষেবার কমিশনার লিলিয়ান বনসিনইয়োর জানান, ভবনটি পাশের একটি নির্মাণস্থলের ওপর ধসে পড়ায় ভেতরে থাকা বাসিন্দা ও নির্মাণশ্রমিকেরা আটকা পড়েন।
দমকল পরিষেবার প্রধান জন এসপোসিটো জানান, দুর্ঘটনার সময় নির্মাণশ্রমিকেরা সেখানে খননকাজ করছিলেন। ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা এক নারীকে উদ্ধার করা হয়েছে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। এ ছাড়া উদ্ধারকাজ চালানোর সময় সামান্য আহত এক দমকলকর্মীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে ড্রোন মোতায়েন করেছে দমকল পরিষেবা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।