রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

favicon
ভোরের আলো ডেস্ক:
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের কমিটি। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সংসদ সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একই দিন বিকেলে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যান বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল।


এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।


এর আগে বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। সংসদ সদস্যের অভিযোগ, পরিবারের সদস্যসহ বাড়িতে বসবাসরত ব্যক্তিদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।


মামলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।


ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দায় নির্ধারণে তদন্ত কমিটি কাজ করছে।