রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › রামগড় সীমান্তের ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

রামগড় সীমান্তের ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
রামগড় সীমান্তের ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় সীমান্তের ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকুল এলাকার বরই বাগানসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ফেনীরকুল ও ভারতের ডোলবাড়ি সীমান্তের ২২১৪/১৮ এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন ফেনী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় স্বজনেরা রাতভর তাঁকে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।


শনিবার সকালে আবারও খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেনীরকুল বরই বাগানসংলগ্ন নদীতে প্রথমে ঘাসের বস্তা এবং পরে কংক্রিটের ব্লকের সঙ্গে আটকে থাকা তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।


খবর পেয়ে স্থানীয় প্রশাসন, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।


নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় বিজিবি থেকে অব্যাহতি নিয়েছিলেন। তিনি ভারত থেকে প্রত্যাগত শরণার্থী ছিলেন।


নিহতের ছেলে থংগো মারমা জানান, রাতে ও সকালে স্থানীয় লোকজন এবং বিজিবির সহযোগিতায় তাঁর বাবাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ভারতের ডোলবাড়ি অংশে নদীতে বাবার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।


থংগো মারমা বলেন, তাঁর বাবাকে বিএসএফ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু হয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।


রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে।


তিনি আরও জানান, নিহতের ছেলে মামলা করবেন বলে জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও প্রকৃত রহস্য জানা যাবে।