যশোরে ৩ কোটি ৮৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ৩ পাচারকারী
যশোরে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি জানায়, অভিযানের সময় আটক তিন ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকানো ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১৫টি স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা; ২৩ গ্রাম রৌপ্য, মূল্য ৭ হাজার টাকা; একটি প্রাইভেট কার, মূল্য ৩২ লাখ টাকা; চারটি মোবাইল ফোন, মূল্য ৪৮ হাজার টাকা; দুটি হাতঘড়ি, মূল্য ৩ হাজার টাকা এবং নগদ ৩ হাজার টাকা।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের জব্দ করা মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচারকারীদের আটক এবং পাচারের উদ্দেশ্যে বহন করা স্বর্ণ উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।