বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশছদ্মনামে প্রেম, মুক্তিপণ না পেয়ে হত্যা — বদলগাছীতে রায় ঘোষণা

ছদ্মনামে প্রেম, মুক্তিপণ না পেয়ে হত্যা — বদলগাছীতে রায় ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
ছদ্মনামে প্রেম, মুক্তিপণ না পেয়ে হত্যা — বদলগাছীতে রায় ঘোষণা

নওগাঁর বদলগাছীতে স্কুলছাত্র নাজমুল হোসেনকে (১৪) অপহরণ করে হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও দুই কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।


ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন—খাদাইল গ্রামের মিশু মণ্ডল (২৫) ও পিংকি আক্তার (৩৪)। অন্যদিকে, ঘটনার সময় ১৪ বছর বয়সী দুই কিশোর হুজাইফা ও সাজু আহম্মেদকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তাদের বয়স ১৮ বছরের বেশি হওয়ায় তাদেরও কারাগারে পাঠানো হয়েছে।


২০২০ সালের ৬ নভেম্বর পিংকি ছদ্মনামে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে নাজমুলকে আক্কেলপুরে ডেকে নিয়ে আটকে রাখা হয়। পরদিন তার বাবার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেয়ে নাজমুলকে হত্যা করে মরদেহ ডোবার পানিতে ফেলে দেওয়া হয়। চারদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে।


নাজমুলের বাবা আল আমিন হোসেন বদলগাছী থানায় মামলা করেন। পরে তদন্তে মূল অভিযুক্ত চারজনের সংশ্লিষ্টতা পেয়ে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দেয়। ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।


রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি রেজাউল করিম এবং আসামিপক্ষে সাইদ হোসেন মুরাদ ও আব্দুল্লাহেল কাফি।