ম্যাডোনা পোপ লিওর কাছে আবেদন: গাজার শিশুদের কাছে পৌঁছে দিন আপনার আলো
দীর্ঘদিন ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশুরা। তাদের দুর্দশা দেখে মনস্তাত্ত্বিক চাপ সহ্য করতে পারছেন না মার্কিন পপস্টার ম্যাডোনা। তিনি পোপ লিওর কাছে এক আন্তরিক আবেদন জানিয়েছেন, দ্রুত গাজায় গিয়ে শিশুদের পাশে দাঁড়াতে।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ম্যাডোনা লিখেছেন, “একজন মা হিসেবে আমি তাদের যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই শিশুরা আমাদের সবার সন্তান।”
তিনি আরও বলেন, “আপনিই একমাত্র সেই ব্যক্তি যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া সম্ভব নয়। নিষ্পাপ এই শিশুদের রক্ষা করতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণ খুলে দিতে হবে।”
প্রয়াত পোপ ফ্রান্সিসের মতোই পোপ লিও দায়িত্ব গ্রহণের পর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন এবং তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছেন।
গাজায় প্রায় দুই বছর ধরে অবরোধ ও যুদ্ধের কারণে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। শিশুদের মধ্যে অনাহার ও অপুষ্টি মারাত্মক মাত্রায় পৌঁছেছে। যদিও সাম্প্রতিক মানবিক সহায়তার প্রবেশ অনুমতি দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
অপর দিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে যুদ্ধ দ্রুত শেষ করার পরিকল্পনা ঘোষণা করেছেন। কিন্তু এই পদক্ষেপকে ঘিরে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। নেতানিয়াহু বলেছেন, “গাজার নিয়ন্ত্রণ নেওয়া হল যুদ্ধ শেষ করার সেরা উপায়।”
সূত্র: আলজাজিরা