দশ বছর পর দেব-শুভশ্রী জুটি, ব্যক্তিগত আক্রমণে রাজ-রুক্মিণীর কাছে দেবের ক্ষমা
দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে ‘ধূমকেতু’। এ ছবির মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি, যা নিয়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। ট্রেলার মুক্তির পর থেকেই দুই তারকার পুরনো রসায়ন নিয়ে ভক্তদের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তবে এই উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দেব ও শুভশ্রীর বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন দেব এবং সরাসরি ক্ষমা চাইলেন রাজ ও রুক্মিণীর কাছে।
সম্প্রতি এক পার্টিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেব বলেন, “দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সামলেছেন। আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী ও রুক্মিণীর কাছে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।”
দেব জানান, দর্শকদের চাহিদা অনুযায়ী দেব-শুভশ্রী জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনতে চেয়েছিলেন তারা, কিন্তু কিছু মানুষ অযথা ব্যক্তিগত আক্রমণ করছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর, যাকে নিয়ে তিনি গর্বিত।