আজ কিংবদন্তি নায়ক জসিমের জন্মদিন
জনপ্রিয় চিত্রনায়ক জসিমের জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতার পুরো নাম ছিল আবুল খায়ের জসিম উদ্দিন। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও ফাইট পরিচালক। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া জসিম ১৯৭২ সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। যদিও এই ছবিতেই নির্মাতাদের নজরে আসেন, জনপ্রিয়তা পান দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে। পরে সবুজ সাথী ছবির মাধ্যমে খলনায়ক থেকে নায়ক রূপে রূপান্তরিত হন।
অভিনেতা জসিম সম্পর্কে কিছু অজানা তথ্য:
জসিমের প্রকৃত নাম ছিল আবুল খায়ের জসিম উদ্দিন।
১৯৭৩ সালে প্রয়াত জহিরুল হকের রংবাজ—বাংলাদেশের প্রথম অ্যাকশন দৃশ্যসংবলিত চলচ্চিত্র—এর মাধ্যমে খলনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু।
সবুজ সাথী ছবিতে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয়।
মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই।
দোস্ত দুশমন ছবিতে গব্বারের চরিত্রে অভিনয় করে আলোড়ন তোলা। শোলে ছবির খলনায়ক আমজাদ খানও তার প্রশংসা করেছিলেন।
মৃত্যুর পর এফডিসিতে একটি ফ্লোর তার নামে নামকরণ করা হয়।
শাবানার বিপরীতে প্রেমিক ও ভাই—উভয় চরিত্রে অভিনয় করা একমাত্র নায়ক তিনি।
নায়ক রিয়াজকে আবিষ্কার করেন জসিম; প্রথম কাজ বাংলার নায়ক ছবিতে।
প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী সুচরিতা; পরবর্তীতে নাসরিনকে বিয়ে করেন।
১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে গেছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—রংবাজ, প্রতিনিধি, এক মুঠো ভাত, আসামি হাজির, মহেশখালীর বাঁকে, প্রতিজ্ঞা, ঘরের বউ, জনি, অভিযান, অশান্তি, নিষ্পাপ, লালু মাস্তান, সারেন্ডার, মাস্তান, কাজের বেটি রহিমা, কালিয়া, স্বামী কেন আসামি প্রভৃতি।