১৫ আগস্টে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন ঢাকাই ছবির তারকা শাকিব খান
আজ ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। অতীতে আওয়ামী লীগ সরকার দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ আগস্টকে ঘিরে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন ছবি ও লেখার মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করছেন। এই শোক প্রকাশের ধারায় যুক্ত হয়েছেন শোবিজ তারকারাও।
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান শুক্রবার এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পোস্টে তিনি বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লেখেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।
শাকিব খান সরাসরি কখনো কোনো দলীয় ব্যানারের সঙ্গে যুক্ত না হলেও ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে আসছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং চলতি মাসেই দেশে ফেরার কথা রয়েছে।