‘মেঘলা দিনে’ প্রকাশ, কনসার্ট নিয়ে ব্যস্ত কুমার বিশ্বজিৎ
নিজস্ব ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করেছেন নতুন গান ‘মেঘলা দিনে’। আজ রবিবার কানাডা থেকে তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায় কনসার্ট করতে। সামনে রয়েছে ইউরোপ ট্যুরও। হোয়াটসঅ্যাপে জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ কথা বলেছেন সাংবাদিক সুদীপ কুমার দীপ-এর সঙ্গে।
নতুন গান ‘মেঘলা দিনে’
কুমার বিশ্বজিৎ বলেন, “এখন তো গান প্রকাশ হলেও তেমন শ্রোতা আগ্রহ নিয়ে খোঁজে না। হাতে গোনা কিছু মানুষ গান শুনে মতামত দেন—ভালো হলে প্রশংসা করেন, খারাপ হলে সমালোচনা করেন। গতকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় গানটি প্রকাশ হয়েছে।
গানটি লিখেছেন নিধান আহমেদ, সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। আমার ইউটিউব চ্যানেল একেবারেই নতুন, তাই প্রচুর সাড়া পাওয়ার প্রত্যাশা নেই। তবে সুন্দর কথার সঙ্গে চমৎকার সংগীতায়োজন হয়েছে। পাশাপাশি চন্দন রায় চৌধুরীর নির্মিত দৃষ্টিনন্দন ভিডিও গানটিকে আরও উপভোগ্য করেছে।”
ইউটিউব চ্যানেল খোলায় দেরি
“সবসময় সৃষ্টির পেছনে ছিলাম, ব্যবসায়িক দিকটা মাথায় আসেনি। জয় শাহরিয়ার অনেক দিন ধরে বলছিলেন—‘একটা ইউটিউব চ্যানেল করুন, আপনার সৃষ্টি অন্তত নিজের প্ল্যাটফর্মে সুরক্ষিত থাকবে।’ পরে তার কথায় রাজি হই। তবে এখন দেখছি ঝামেলাও আছে। আমার গান আমার কাছেই কপিরাইট ক্লেম আসছে! যদিও টিকতে পারছে না, কারণ কপিরাইট আমার নামে। প্রতিদিন ক্লেম সরাতে হচ্ছে। ধীরে ধীরে সব সামলে নিতে হবে।”
নিয়মিত গান না করার কারণ
“আমি এখনো ট্রমার মধ্যে আছি। এ অবস্থায় গান করা সহজ নয়। তবে ছেলেমেয়েদের অনুরোধে দু-একটা গানে কণ্ঠ দিচ্ছি। নিয়মিত হতে হলে আরও সময় লাগবে। কতদিন লাগবে, সেটা কেবল সৃষ্টিকর্তাই জানেন।”
পুত্র নিবিড়ের শারীরিক অবস্থা
“আগের চেয়ে ভালো আছে, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। নতুন কিছু পরীক্ষা চলছে। সব সময় সবার কাছে দোয়া চাইছি। বিশ্বাস করি, সবার দোয়াতেই নিবিড় আমাদের মাঝে আছে। এখন ওর সুস্থ হয়ে ওঠাটাই সবচেয়ে জরুরি।”
সাবিনা ইয়াসমিনের পাশে থাকা
“সাবিনা আপা কানাডায় এসে নিবিড়কে দেখে গেছেন। এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল না। একজন শিল্পীর দুঃসময়ে আরেকজন শিল্পী পাশে থাকবেন—এটাই অলিখিত নিয়ম। আমরা যারা একসঙ্গে কাজ করেছি, সবাই এক পরিবারের মতো। নিবিড়ও খুব খুশি হয়েছে।”
কনসার্ট ও ভ্রমণ পরিকল্পনা
“আগামীকাল (রবিবার) অস্ট্রেলিয়া যাচ্ছি। ২৩ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কনসার্ট চলবে। এরপর ৮ সেপ্টেম্বর আবার কানাডা ফিরব।
আমার মিউজিশিয়ানরা ঢাকা থেকে অস্ট্রেলিয়া যাবে। তারা আগেই প্র্যাকটিস করেছে, তাই চাপ নেই। এবারের কনসার্টগুলোতে লাইভ সাউন্ড ব্যবহার করব। এজন্য ঢাকার সাউন্ড ইঞ্জিনিয়ারও অস্ট্রেলিয়ায় যাচ্ছেন।
ঢাকায় ফিরব নভেম্বর মাসে। তখন ইউরোপ ট্যুরের জন্য ভিসা করতে হবে, কিছুদিন অবস্থানও করব।