“অল্প বয়সে ঔদ্ধত্য ছিল আমার”— শচেতন শাহরুখ খান
শাহরুখ খানের রসবোধ ও বুদ্ধিদীপ্ত উত্তর বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করে। তবে অনেকের কাছে তার কথাবার্তা মাঝে মাঝে ‘ঔদ্ধত্য’ হিসেবেও ধরা দেয়। কিং খান নিজেই স্বীকার করেছেন, জীবনের এক পর্যায়ে তিনি সত্যিই উদ্ধত ও রূঢ় ছিলেন। এখন সেই আচরণের জন্য অনুতপ্ত তিনি।
দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করেন শাহরুখ। পরে আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ পান। সেই সময়েই অভিনয়ের সুযোগ আসে তার প্রথম ধারাবাহিক ফৌজি-তে।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চলছিল তার। একদিন পরীক্ষার প্রস্তুতির সময় কলেজের অধ্যক্ষ হঠাৎ বলেন, “আমার হাতে থাকলে তোমাকে পরীক্ষায় বসতেই দিতাম না।” উত্তরে তরুণ শাহরুখ রূঢ়ভাবে জবাব দেন, “আমার এই পরীক্ষার কোনো দরকার নেই।”
পরে এক সাক্ষাৎকারে শাহরুখ ঘটনাটিকে জীবনের বড় ভুল হিসেবে উল্লেখ করে বলেন, “ওটা ছিল অল্প বয়সের ঔদ্ধত্য, বেয়াদবি আর পাকামি।” এ ঘটনার পর তাকে শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হয়েছিল বলেও জানান তিনি।