মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দল ৬২ জন, টিআইবির দাবি প্রত্যাখ্যান করল প্রধান উপদেষ্টার দপ্তর

জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দল ৬২ জন, টিআইবির দাবি প্রত্যাখ্যান করল প্রধান উপদেষ্টার দপ্তর

favicon
অনলাইন সংস্করণ
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দল ৬২ জন, টিআইবির দাবি প্রত্যাখ্যান করল প্রধান উপদেষ্টার দপ্তর

৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ৬২ জন, যা গত বছরের ৫৭ জনের তুলনায় সামান্য বেশি। তবে টিআইবির সাম্প্রতিক দাবির বিপরীতে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে—সংখ্যাটি কখনোই ১০০-এর বেশি নয়।


প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, টিআইবি ভুলভাবে দাবি করেছে প্রতিনিধি দলে শতাধিক সদস্য রয়েছেন, যা সম্পূর্ণ তথ্যভ্রান্ত।


তার ব্যাখ্যায় উল্লেখ করা হয়, গত বছরের প্রতিনিধি দলে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ছয়জন বিশিষ্ট রাজনীতিবিদ অন্তর্ভুক্ত ছিলেন না। আর এ বছর দলের প্রায় এক-তৃতীয়াংশই নিরাপত্তা কর্মী, যারা ড. মুহাম্মদ ইউনূসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছেন। আওয়ামী লীগ সমর্থকদের হুমকির প্রেক্ষাপটে এই নিরাপত্তা অত্যন্ত জরুরি হলেও, লোকবল এখনও যথেষ্ট নয়। অনেক নিরাপত্তা কর্মকর্তা প্রতিদিন ১৬ ঘণ্টার শিফটে কাজ করছেন।


তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতিনিধি দলের আকার তুলনামূলকভাবে বড় হলেও, এবার দলটি অনেক বেশি লক্ষ্যনির্ভর ও পরিশ্রমী। টিআইবির মতো মর্যাদাপূর্ণ সংস্থা তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর মন্তব্য করায় হতাশা প্রকাশ করেন তিনি।


সরকারি ব্যাখ্যায় বলা হয়, প্রতিনিধি দলের আকার নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তবে এ বছরের সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এমন এক সময়ে, যখন বিভিন্ন মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন করছে, তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় ও দৃঢ় উপস্থিতি কৌশলগতভাবে অত্যাবশ্যক।