শিগগির দেশে ফিরবেন তারেক রহমান: উপদেষ্টা হুমায়ুন কবির
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, “দেশে ফেরার সঠিক দিনক্ষণ নিজেই দেশবাসীকে জানাবেন তারেক রহমান।”
বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হুমায়ুন কবির অভিযোগ করেন, বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিক। ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।
এনসিপি কর্মীদের বিশৃঙ্খলা ও সাংবাদিকদের বয়কট
সংবাদ সম্মেলনের সময় হুমায়ুন কবির বক্তব্য রাখার একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে উল্টো সাংবাদিকদের ওপর চড়াও হয় এনসিপির কর্মীরা।
এই অসদাচরণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বয়কট করেন।