বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি: অভিনন্দন বার্তা বিনিময়
বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে দুই দেশের শীর্ষ নেতৃত্ব অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।
শনিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বার্তায় শুভেচ্ছা জানান।
ড. ইউনূস তার বার্তায় বলেন, গত পাঁচ দশকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ-চীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব ভবিষ্যতে আরও নতুন অর্জন বয়ে আনবে।
অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তার বার্তায় বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি জানান, এই ৫০তম বার্ষিকীকে ঘিরে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা ত্বরান্বিত করতে চীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
লি কিয়াং আরও আশা প্রকাশ করেন যে, দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে অগ্রসর হবে।