মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সমুদ্রভিত্তিক অর্থনীতিতে আন্তর্জাতিক সহায়তা জরুরি: নৌপরিবহন উপদেষ্টা

সমুদ্রভিত্তিক অর্থনীতিতে আন্তর্জাতিক সহায়তা জরুরি: নৌপরিবহন উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
সমুদ্রভিত্তিক অর্থনীতিতে আন্তর্জাতিক সহায়তা জরুরি: নৌপরিবহন উপদেষ্টা

বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতির উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।


গত ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) আয়োজিত দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে প্যারালাল ইভেন্ট-২০২৫’-এর প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন। আগামী বছর এ ইভেন্ট দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হবে।


‘টেকসই সমুদ্রের জন্য সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক আলোচনায় উপদেষ্টা উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির কৌশল ও উদ্যোগ তুলে ধরেন এবং বাংলাদেশসহ অন্যান্য দেশকে এ প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


তার বক্তব্যে তিনি টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, নৌপরিবহন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।


এছাড়া তিনি অন্যান্য দেশের প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বাংলাদেশের নৌপরিবহন খাতের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।


উপদেষ্টা ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রার্থিতার জন্য সদস্য দেশগুলোর সমর্থন চান।


তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ বাংলাদেশের নৌপরিবহন খাতে বৈশ্বিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণে বাংলাদেশের ভূমিকা জোরদার করবে।