মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › কর ফাঁকি রোধে মাঠপর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের

কর ফাঁকি রোধে মাঠপর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের

favicon
অনলাইন সংস্করণ
কর ফাঁকি রোধে মাঠপর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের

ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার ও কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি করতে মাঠপর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


রবিবার (৫ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে এনবিআর জানায়, দেশের সকল কর অঞ্চলকে রাজস্ব ফাঁকি রোধে বিশেষ গোয়েন্দা ও তদন্ত টিম গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


বিবৃতিতে বলা হয়, এনবিআরের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলের গোয়েন্দা টিম গঠন, তাদের কার্যপদ্ধতি, সুপারিশ তৈরির প্রক্রিয়া এবং ফাঁকি দেওয়া কর পুনরুদ্ধারে কমিটির অনুমোদন প্রক্রিয়া বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।


নির্দেশনায় উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, আয়কর নথিতে অসঙ্গতি বা পরিবর্তন, অস্বাভাবিক করমুক্ত আয় প্রদর্শন, কিংবা সম্পদ বিবরণীতে অস্বাভাবিক নিট সম্পদ প্রদর্শন— এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম তদন্ত কার্যক্রম শুরু করবে।


তদন্ত পর্যায়ে কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট টিম প্রতিবেদন তৈরি করে গোয়েন্দা ও তদন্ত কমিটির অনুমোদনের জন্য জমা দেবে। অনুমোদন প্রাপ্তির পর কমিটি রাজস্ব পুনরুদ্ধারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।


এ ছাড়া প্রতিটি কর কমিশনারেটকে প্রতি মাসে নির্ধারিত ছকে গোয়েন্দা কার্যক্রম থেকে উদ্ভূত অতিরিক্ত দাবি ও আদায় সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


এনবিআর আশা করছে, এসব পদক্ষেপের মাধ্যমে রাজস্ব ফাঁকি পুনরুদ্ধার, কর ফাঁকির প্রবণতা হ্রাস এবং সুষ্ঠু কর সংস্কৃতির বিকাশ ঘটবে।