“পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে” — স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
বাংলাদেশে চলমান অস্থিরতার পেছনে পাশের দেশের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, ভারতে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং দেশে দুর্গাপূজার অসুরের মুখে দাড়ি ব্যবহারের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা—এর মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা চলছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো এবং বাংলাদেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার—এই দুই ঘটনাই ফ্যাসিস্ট দোসরদের পরিকল্পনার অংশ। পাশের দেশ থেকে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।”
খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, সে প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, “মেডিক্যাল রিপোর্টে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি। জনগণের সহযোগিতায় আমরা ঘটনাটি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পেরেছি।”
এর আগে খাগড়াছড়ির সহিংসতায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে নয়াদিল্লি সেই দাবি প্রত্যাখ্যান করে একে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে আখ্যা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ সরকারের প্রতি তাদের কোনো শত্রুতামূলক মনোভাব নেই এবং এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।