ইরানি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসের তাঘভাই আর নেই
ইরানের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা নাসের তাঘভাই আর নেই। মঙ্গলবার ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী মারজিয়া ভাফামেহ, যিনি এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন—
“নাসের তাঘভাই, এমন এক শিল্পী যিনি স্বাধীনভাবে বাঁচার কঠিন পথ বেছে নিয়েছিলেন, অবশেষে তিনি মুক্তি পেলেন।”
১৯৪১ সালের ১৩ জুলাই ইরানের আবাদান শহরে জন্মগ্রহণ করেন তাঘভাই। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম চলচ্চিত্র ‘ট্রানক্যুইলিটি ইন দ্য প্রেজেন্স অব আদারস’ (অন্যদের উপস্থিতিতে শান্তি) তাঁকে এনে দেয় ব্যাপক খ্যাতি। ছবিটিতে তিনি ইরানি সমাজে ঐতিহ্য ও আধুনিকতার সংঘাত তুলে ধরেছিলেন—যা তাঁকে এক ভিন্নধারার নির্মাতা হিসেবে পরিচিত করে তোলে।
তাঘভাই ছিলেন রাষ্ট্রীয় সেন্সরশিপের কঠোর সমালোচক। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে ও পরে তিনি প্রকাশ্যে সেন্সরবিরোধী অবস্থান নেন। ২০১৩ সালে ইরানে চলচ্চিত্র ও সাহিত্য জগতে "ভয়াবহ সেন্সরশিপ"-এর নিন্দা জানিয়ে তিনি ঘোষণা দেন, আর কোনো চলচ্চিত্র নির্মাণ করবেন না।
তাঁর জনপ্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম ব্যঙ্গাত্মক টিভি সিরিজ ‘মাই আংকেল নেপোলিয়ন’, যেখানে এক প্রাক্তন সামরিক কর্মকর্তার পতনকে তীক্ষ্ণ রসবোধে উপস্থাপন করা হয়েছে।
কর্মজীবনে তিনি ছয়টি চলচ্চিত্র, একটি টেলিভিশন সিরিজ ও বেশ কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেন।
নাসের তাঘভাই পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। ১৯৮৮ সালে ‘ক্যাপ্টেন খুরশিদ’ ছবির জন্য তিনি লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ব্রোঞ্জ লোপার্দ পুরস্কার লাভ করেন। ২০০২ সালে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেলেও তা তিনি প্রত্যাখ্যান করেন।
সূত্র: আল আরবিয়া