স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও অস্বীকার রিপন মিয়ার, বললেন—‘ওটা আমার ভাবি!’
বিয়ে করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনে। স্ত্রী ও দুই সন্তান থাকলেও সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের কাছে তিনি নিজের বিয়ের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, “ওরা আমার বড় ভাইয়ের স্ত্রী আর তাদের সন্তান।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই রিপন মিয়া তার পরিবার থেকে দূরে সরে গেছেন। অভিযোগ উঠেছে—গরিব মা-বাবার পরিচয় দিতেও এখন লজ্জা পান তিনি।
রিপনের মা অভিযোগ করেন, “খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, হয়তো মনে করে পরিচয় দিলে ওর মান-সম্মান কমে যাবে।” তিনি আরও জানান, পারিবারিকভাবেই রিপনের বিয়ে হয়েছিল, এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু রিপন এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকলেও তাদের কোনো ভরণপোষণ দেন না।
অন্যদিকে, রিপন মিয়া সংবাদে দেওয়া বক্তব্যে দাবি করেন, “ওটা আমার বড় ভাইয়ের বউ, বিয়ে করি নাই রে ভাই! সহজ কথা আপনি বুঝেন না কেন?”
তবে সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন বক্তব্য দেন রিপন। তিনি অভিযোগ করেন, সাংবাদিকরা তার অনুমতি ছাড়াই ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বাবা-মাকে অস্বীকার করলেও, রিপনের মা এখনো ছেলের জন্য দোয়া করেন। তিনি বলেন, “আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক। সে বড় হইছে, আরো বড় হোক—দোয়া করি।”
রিপনের বাবা জানান, “প্রথমে আমার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন। এখন অন্যদের সঙ্গে করে, তাই আর দেখি না। খোঁজখবর নেয়, কিন্তু ভরণপোষণ দেয় না।”
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে—জনপ্রিয়তার চাপে কি সত্যিই রিপন মিয়া হারাচ্ছেন নিজের শিকড়?
সূত্র: এটিএন নিউজ।