সালমান শাহ হত্যা মামলায় আবারও আসামি রাবেয়া সুলতানা রুবি
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ খুন হয়েছেন— এমন দাবি ২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে করেছিলেন রাবেয়া সুলতানা ওরফে রুবি। তিনি ছিলেন সালমান শাহর প্রতিবেশী ও স্ত্রী সামিরা হকের ঘনিষ্ঠ বন্ধু।
সালমান শাহকে হত্যার অভিযোগ ওঠার পর থেকেই রুবির নাম উঠে আসে আলোচনায়। এবার আদালতের নির্দেশে দায়ের করা নতুন হত্যা মামলাতেও রুবির নাম রয়েছে ৮ নম্বর আসামি হিসেবে।
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা শাহরিয়ার চৌধুরী ইমন (সালমান শাহ) ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রথমে এটি অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করা হয়, কিন্তু সালমানের পরিবার শুরু থেকেই একে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।
সম্প্রতি আদালতের নির্দেশে সালমানের মা দায়ের করা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে আছেন—
সালমানের স্ত্রী সামিরা হক,
শাশুড়ি লতিফা হক লুসি,
ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই,
রেজভী আহমেদ ওরফে ফরহাদ,
অভিনেতা আশরাফুল হক ডন,
নজরুল শেখ,
ডেভিড,
রাবেয়া সুলতানা রুবি,
মোস্তাক ওয়াইদ, এবং
গৃহকর্মী আবুল হোসেন খান।
এই মামলার প্রাথমিক তদন্ত করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যারা তখন জানিয়েছিল— সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে পরবর্তী সময়ে নতুন করে রেজভী আহমেদ ওরফে ফরহাদ আদালতে জবানবন্দি দিয়ে দাবি করেন, সালমান শাহকে আসলে হত্যা করা হয়েছিল।
তার বক্তব্য অনুযায়ী, অভিনেতা ডনের নেতৃত্বে একদল ব্যক্তি সালমানের বাসায় যায়, যেখানে নিচতলার দরজা খুলে দেন রুবি। তখন আজিজ মোহাম্মদ ভাইও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়।
রুবি সেই সময় ইস্কাটনে ‘মে ফেয়ার’ নামে একটি বিউটি পারলার পরিচালনা করতেন। তাঁর স্বামী ছিলেন এক চীনা রেস্তোরাঁ ব্যবসায়ী।
২০১৭ সালের আগস্টে ইউটিউবে প্রকাশিত ভিডিওতে রুবি আবেগভরে বলেন,
“ইমন আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হইছে। নীলা ভাবি (সালমানের মা), কিছু একটা করেন। আমার হাজব্যান্ড আর সামিরার ফ্যামিলি এই খুন করাইছে। আমার ভাই রুমিরে দিয়া এই কাজ করানো হইছে, পরে ওকেও খুন করা হইছে।”
তিনি আরও দাবি করেন,
“এই কেস যেন শেষ না হয়। আমি আদালতে সাক্ষ্য দিতে চাই।”
তবে বর্তমানে রাবেয়া সুলতানা রুবি কোথায় আছেন, তা জানা যায়নি।