রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদনসালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, আসামির তালিকায় স্ত্রী সামিরাসহ ১১ জন

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, আসামির তালিকায় স্ত্রী সামিরাসহ ১১ জন

favicon
অনলাইন সংস্করণ
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, আসামির তালিকায় স্ত্রী সামিরাসহ ১১ জন

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে তার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।


মঙ্গলবার (২২ অক্টোবর) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হকের পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করা হলেও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


এর আগে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন। অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত এ আদেশ দেন।


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকেই দীর্ঘ ২৯ বছর তার মৃত্যুর রহস্য নিয়ে চলতে থাকে নানা জটিলতা ও বিতর্ক।


পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যু ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করলেও, তার মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছেন— এটি একটি ‘পরিকল্পিত হত্যা’।