শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসারেকর্ড ভাঙার দুই দিন পরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

রেকর্ড ভাঙার দুই দিন পরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

favicon
অনলাইন সংস্করণ
রেকর্ড ভাঙার দুই দিন পরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর মাত্র দুই দিন পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে। করোনার পর এটিই এক দিনে সর্বোচ্চ দরপতন বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা।


এর আগের দিন, সোমবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই এই দরপতনের মূল কারণ। শুধু স্বর্ণই নয়, পতনের ধারা দেখা গেছে অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রেও—কমেছে স্পট সিলভার, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম।


অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা শুরু হওয়ার আগেই বাংলাদেশের বাজারে সোনার নতুন মূল্য কাঠামো ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, সোমবার (২০ অক্টোবর) থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।


এর আগে গত শুক্রবার স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ২১১ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়, যদিও সেশনের শুরুতে তা ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ দশমিক ৬৯ ডলার স্পর্শ করেছিল।


বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয়, ডলার থেকে সরে যাওয়া এবং সোনা-ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধির কারণে এ বছর সোনার দাম ইতোমধ্যে ৬৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। এছাড়া, সুদের হার কমার সম্ভাবনাও বাজারে প্রভাব ফেলছে বলে মনে করছেন তারা।