শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাঅর্থনীতির পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও কাতারের সঙ্গে নতুন অধ্যায়ে বাংলাদেশ

অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও কাতারের সঙ্গে নতুন অধ্যায়ে বাংলাদেশ

favicon
অনলাইন সংস্করণ
অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও কাতারের সঙ্গে নতুন অধ্যায়ে বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্কও জোরদার করছে কাতার। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দোহা। পাশাপাশি মধ্যস্থতা কূটনীতিতে সক্রিয় দেশটি রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।


গত বছরের জুলাই অভ্যুত্থানের পর চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে পাঠাতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির। একই বিমানে তিনি দেশে ফেরেন বলেও জানা গেছে।


এছাড়া গত এপ্রিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরকে বিশেষ গুরুত্ব দিয়েছে দেশটি। সফরকালে জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানো এবং বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে তেলসমৃদ্ধ এই মধ্যপ্রাচ্যের দেশ।


সেই সফরে কাতারের বিনিয়োগকারীদের জন্য আলাদা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) তৈরির প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার প্রধান। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান বলেন, “দু’দেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে চমৎকার অবস্থানে রয়েছে। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফর ও গত বছর কাতারের আমিরের বাংলাদেশ সফর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন।”


তিনি আরও জানান, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে কাতারের প্রধানমন্ত্রী নিজে সহায়তার আশ্বাস দিয়েছেন।


গত পাঁচ দশক ধরে শ্রমবাজারকেন্দ্রিক সম্পর্কই ছিল বাংলাদেশের সঙ্গে কাতারের প্রধান যোগসূত্র। এখন সেই সম্পর্ক প্রসারিত হচ্ছে জ্বালানি, বাণিজ্য ও কৌশলগত পর্যায়ে। একইসঙ্গে মধ্যস্থতা কূটনীতিতেও সক্রিয় কাতার রোহিঙ্গা সংকট সমাধানেও ভূমিকা রাখতে চায়।


বর্তমানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কাতারে কর্মরত আছেন, যারা দেশের রেমিট্যান্স খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি কাতার-বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কও এখন ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে।