পাঁচ বছর পর কৃষক আন্দোলনের বিতর্কিত টুইটের জন্য ক্ষমা চাইলেন কঙ্গনা রানাউত
উত্তর-পূর্ব ভারতের কৃষক আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জন্য অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত এবার ক্ষমা চেয়েছেন। বছর পাঁচেক আগে দিল্লির রাজপথে কাতারে কাতারে আন্দোলনকারীরা সমবেত হন। সেই আন্দোলনের সময় কঙ্গনা বৃদ্ধা আন্দোলনকারী মহিলাদের নিয়ে আক্রমণাত্মক টুইট করেছিলেন।
তিনি এক বৃদ্ধাকে ‘শাহিনবাগের দাদি’ বিলকিস বানু হিসেবে উল্লেখ করেছিলেন। তখনই এই মন্তব্যের জন্য দেশে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা হয়।
পাঁচ বছর পর ভাতিন্দা আদালতে উপস্থিত হয়ে কঙ্গনা জানান, কৃষক আন্দোলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি বলেছেন, ওই পোস্টটি কেবল একটি রিটুইট ছিল যা সাধারণ মিম হিসেবে ব্যবহৃত হয়েছিল। তিনি বৃদ্ধার স্বামীকে বিশেষভাবে বার্তা পাঠিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন।
কঙ্গনা বলেন, “এই ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তখন সোশ্যাল মিডিয়ায় একজন কমেন্টের জেরেই বিতর্ক তৈরি হয়েছিল।”
উল্লেখ্য, কঙ্গনা শুরু থেকেই কৃষক বিদ্রোহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। সেই সময় মাহিন্দর কৌর নামে এক বৃদ্ধার ছবি ভাইরাল হয়েছিল, যাকে অনেকেই ‘শাহিনবাগের দাদি’ বিলকিস বানু হিসেবে ব্যাখ্যা করেছিলেন। কঙ্গনাও সেই ছবি শেয়ার করেছিলেন, যা তখন তীব্র সমালোচনার মুখে পড়ে।