মালয়েশিয়ায় হোটেলের বাথটাবে মিলল তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার ‘নার্স দেবী’র মরদেহ
মালয়েশিয়ার একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনের (৩১) মরদেহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘নার্স দেবী’ নামে পরিচিত ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মালয়েশিয়ার বিখ্যাত র্যাপার নামউই বাথরুমে অচেতন অবস্থায় তাকে দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় ফোন করেন। তবে অভিযোগ করা হয়েছে, অ্যাম্বুলেন্স পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।
নামউই বলেন, “যখন আমি ফোন করে জানতে চাইলাম, তখন তারা উল্টো আমাকে বকাঝকা করেছে এবং অশোভন আচরণ করেছে।”
পরে অচেতন অবস্থায় সিহ ইউ-সিনকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার ম্যানেজার ক্রিস জানান, সিহ ইউ-সিন সম্প্রতি একটি শুটিংয়ের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার সুযোগ না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তিনি আরও জানান, “নার্স দেবীর আকস্মিক মৃত্যুতে পরিবার গভীর শোকে আছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের অনুরোধ জানানো হয়েছে।”
স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিওর জন্য জনপ্রিয় সিহ ইউ-সিনের সোশ্যাল মিডিয়ায় ৫ লাখের বেশি অনুসারী রয়েছে। তার ইতিবাচক বার্তা ও স্বাস্থ্য পরামর্শের কারণে অনেকে তাকে ‘নার্স দেবী’ নামে চিনতেন।