বাজুসের নতুন প্রেসিডেন্ট এনামুল হক খান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পুরো কমিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের স্বত্বাধিকারী এনামুল হক খান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনজন ভাইস প্রেসিডেন্ট, একজন কোষাধ্যক্ষ এবং ২৯ জন পরিচালকসহ মোট ৩৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের কমিটিতে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদটি বাদ দেওয়া হয়েছে, যা বাজুস প্রতিষ্ঠার ইতিহাসে নতুন দৃষ্টান্ত।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বাজুস কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সানন্দা জুয়েলার্স (প্রা.)-এর রণজিত ঘোষ।
ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন—আপন ডায়মন্ড হাউসের আজাদ আহমেদ, জড়োয়া হাউস (প্রা.) লিমিটেডের অভি রায়, এবং জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ইকবাল হোসেন চৌধুরী।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নিউ ফেন্সি জুয়েলার্সের অমিত ঘোষ।
এছাড়া ২৯ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. মিলন মিয়া, পবন কুমার আগারওয়াল, তানভীর রহমান, মো. লিটন হাওলাদার, বাবলু দত্ত, গনেশ দেবনাথ, আশিস কুমার মন্ডল, মিজানুর রহমান, বিকাশ ঘোষ, সুমন চন্দ্র দে, মোস্তাফা কামাল, ধনঞ্জয় সাহা (বিপুল), শ্রীবাস রায়, মো. আলী হোসেন, মো. রুবেল, মো. নয়ন চৌধুরী, মো. ছালাম, ফাহাদ কামাল লিংকন, গৌতম ঘোষ, মোহাম্মদ রবিউল ইসলাম, মো. তারেকুল ইসলাম চৌধুরী, আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, মো. রফিকুল ইসলাম, সৌমেন সাহা, আককাছ আলী, মোহাম্মদ মোরশেদ আলম, শাওন আহমেদ চৌধুরী, মো. নাজমুল হুদা লতিফ ও পলাশ কুমার সাহা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈধ প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠনের বিধিমালা-২০২৫ অনুযায়ী সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত প্রেসিডেন্ট এনামুল হক খান বলেন, “বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস আজ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তার প্রচেষ্টায় বাজুস এখন প্রায় ৪০ হাজার সদস্যের পরিবার। তার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “সোনা আমদানির প্রক্রিয়া সহজ করতে হবে। বর্তমান নিয়মে সোনা আমদানির খরচ অনেক বেড়ে যায়, যা ক্রেতাদের জন্য অস্বস্তিকর। তাই ব্যাগেজ রুলের মাধ্যমে সোনা আনার প্রক্রিয়া পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।”
বাজুসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুলজার আহমেদ বলেন, “সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে দেশের জুয়েলারি শিল্পে বড় পরিবর্তন এসেছে। দেশে এখন অনেক জুয়েলারি ফ্যাক্টরি গড়ে উঠেছে, যা এই খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে।”