উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নামের মৃত্যু
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) ৯৭ বছর বয়সি কিম ইয়ং নাম ক্যানসার জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে মারা যান।
কিম ইয়ং নাম প্রায় দুই দশক ধরে উত্তর কোরিয়ার সংসদ ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপ্রধান হলেও প্রকৃত ক্ষমতা কিম পরিবারের হাতে ছিল।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার মৃতদেহের কাছে গিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। কিম ইয়ং নামের শেষকৃত্য আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংসদের প্রধান থাকার পর বয়সজনিত কারণে তাকে সরিয়ে দিয়ে চো রিয়ং হে-কে নতুন সংসদ প্রধান করা হয়। তিনি পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষালাভ করেছিলেন।