কেন্টাকিতে ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত: চারজন নিহত, অন্তত ১১ জন আহত
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ইউপিএসের পক্ষ থেকে জানানো হয়, বিমানে তিনজন ক্রু সদস্য ছিলেন, তবে তাদের অবস্থা এখনো নিশ্চিত নয়।
কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, “দুর্ঘটনার ভিডিও দেখে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটি এক ভয়াবহ দৃশ্য।”
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের মালবাহী বিমানটি লুইভিল থেকে হাওয়াইয়ের হনলুলুর ড্যানিয়েল কে. ইনোয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করেছিল। বিমানটি বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। দুর্ঘটনার সময় বিমানে ছিল প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি, যা বিস্ফোরণের তীব্রতা বাড়িয়ে দেয়।
দুর্ঘটনায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গভর্নর বেসিয়ার। এর মধ্যে কেন্টাকি পেট্রোলিয়াম রিসাইক্লিং সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং পাশের গ্রেড এ অটো পার্টস নামের প্রতিষ্ঠানটিও ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী এখনো নিখোঁজ রয়েছেন।
লুইভিলের ইউওএফএল হেলথ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থল থেকে ১০ জনকে ভর্তি করেছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
১৯৯৭ সালে বোয়িং ম্যাকডনেল ডগলাস কোম্পানিটিকে অধিগ্রহণ করে। বোয়িং এক বিবৃতিতে বলেছে, “আমরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং ইউপিএস ও এনটিএসবি-কে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত।”
এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও তদন্ত কার্যক্রম আগামী কয়েক দিন চলবে।