ইন্দোনেশিয়ার জাকার্তায় মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণ, আহত ৫৫
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) কেল্লাপা গাডিং এলাকার একটি স্কুল কমপ্লেক্সের ভেতরে অবস্থিত মসজিদে এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর, আবার অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান জাকার্তা সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি।
তিনি বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী প্রায় ৫৫ জন আহত হয়েছেন। কারও সামান্য, কারও মাঝারি ধরনের আঘাত লেগেছে, এবং কয়েকজনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।”
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বোমা নিস্ক্রিয়করণ ইউনিটসহ বিশেষজ্ঞ দল বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছে। আহতদের সহায়তায় স্থানীয় দুটি হাসপাতালে হেল্প সেন্টার স্থাপন করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। একজন ১৭ বছর বয়সী কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তার বর্তমানে অস্ত্রোপচার চলছে বলে জানান ইন্দোনেশিয়ার ডেপুটি হাউস স্পিকার সুফমি দাসকো আহমদ।
পুলিশ জানিয়েছে, আহতদের অধিকাংশই কাঁচের টুকরায় জখম হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স, এএফপি