আরিফিন শুভর পাশে নির্মাতা অনন্য মামুন: “অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে”
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ–এর নামে বরাদ্দ পাওয়া রাজউকের একটি প্লট বাতিলের সিদ্ধান্ত ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এই ঘটনায় শুভর পক্ষে কথা বলেছেন নির্মাতা অনন্য মামুন।
২০২৩ সালে সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ হয়েছিল শুভর নামে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজের ফেসবুকে শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে অনন্য মামুন লেখেন,
“অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।”
তিনি আরও লেখেন,
“ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প।”
রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারায় এমন ব্যক্তিরা প্লট পান যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই, কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন—যেমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ বা সরকারি-বেসরকারি কর্মকর্তা।
২০২৩ সালের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় উপপরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে শুভকে ওই প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। বলা হয়ে থাকে, ‘বঙ্গবন্ধু’ সিনেমায় নাম ভূমিকায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই প্লট তাকে দেওয়া হয়।
তবে প্লট বাতিলের বিষয়ে এখনো রাজউকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
অনন্য মামুনের ফেসবুক পোস্টের পর ঘটনাটি নতুন করে ঢালিউড অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।