বাংলাদেশ ও পাকিস্তানের দুই আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত ‘নয়া মানুষ’
বাংলাদেশের চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এবার আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের দ্বারপ্রান্তে। ছবিটি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও পাকিস্তানের ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণের জন্য।
আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।
চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা মাসুম রেজা বলেন,
“নয়া মানুষ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে—এটা আমার জন্য আনন্দের খবর। চিত্রনাট্য তৈরি করতে গিয়ে নানা সামাজিক ও ধর্মীয় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ছবিটি ধর্ম-বর্ণ-নির্বিশেষে সহাবস্থানের বার্তা দেয়। আমি চাই, বিশ্বের সব ভাষাভাষী মানুষ এই ছবিটি দেখুক।”
বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে ‘নয়া মানুষ’।
অন্যদিকে পাকিস্তানের করাচিতে ‘আর্টস কাউন্সিল অব পাকিস্তান’ আয়োজিত ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল শুরু হয়েছে ৩১ অক্টোবর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। সিন্ধ সরকারের সহযোগিতায় আয়োজিত এই ৩৮ দিনব্যাপী উৎসবে বিশ্বের শতাধিক দেশের শিল্পীরা অংশ নিচ্ছেন। চলচ্চিত্র, সংগীত, নাটক ও নৃত্যের সমন্বয়ে উৎসবটি হয়ে উঠেছে এক বিশ্বসাংস্কৃতিক উদযাপন।
এই উৎসবে প্রতি সপ্তাহে দুই ঘণ্টার চলচ্চিত্র প্রদর্শনী পর্ব থাকবে, যেখানে আগামী ২৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’। সমাপনী দিনে কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খানের পরিবেশনা দিয়ে উৎসবের পর্দা নামবে ৭ ডিসেম্বর।
চলচ্চিত্রের নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন,
“নয়া মানুষ দিয়ে আমি সহজ-সরল এক গল্প দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছি। দেশ-বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দিচ্ছে।”
চাঁদপুরের দুর্গম কানুদীর চরে, সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন সময়ে, কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ’-এর সংগীতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনায় ছিলেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।
বাংলাদেশ ও পাকিস্তানের আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ায় নির্মাণ-সংশ্লিষ্ট সবাই এখন উচ্ছ্বসিত—যা দেশের চলচ্চিত্রের জন্যও এক ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।