যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থার অবসান: সিনেটে অনুমোদিত দ্বিদলীয় তহবিল প্যাকেজ
৪১ দিন পর শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা। সোমবার সিনেট একটি দ্বিদলীয় তহবিল প্যাকেজ অনুমোদন করেছে, যা ফেডারেল শাটডাউনের অবসান ঘটাবে। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আটজন ডেমোক্র্যাট সিনেটর রিপাবলিকানদের সঙ্গে যৌথভাবে তিনটি ব্যয় বিল ও একটি হালনাগাদ কন্টিনিউয়িং রেজোলিউশন (সিআর) একত্র করে একটি ‘মিনিবাস প্যাকেজ’ তৈরি করেন। তাদের এই সমর্থনের ফলেই সিনেটের প্রক্রিয়াগত বাধা কেটে যায় এবং সরকারের কার্যক্রম পুনরায় চালুর পথ উন্মুক্ত হয়।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন (আর–এসডি) জানান, তিনি শুরু থেকেই স্বল্পমেয়াদি তহবিল প্যাকেজে ভোট দেওয়ার জন্য আইনপ্রণেতাদের উৎসাহ দিয়ে আসছিলেন। তিনি আরও জানান, মেয়াদোত্তীর্ণ ওবামাকেয়ার ভর্তুকি সংশোধনী আইনও ভোটে তোলা হবে।
দিনের শুরুতে প্রাথমিকভাবে অনুমোদনের পর রাতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত ভোটাভুটি, যেখানে বিলটি পাশ হয়।
এখন বিলটি যাবে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে, যেখানে স্পিকার মাইক জনসন জানিয়েছেন, বুধবারের মধ্যেই বিলটি পাস করে প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই এই চুক্তিকে “খুব ভালো পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়েছেন।
জনসন আরও জানিয়েছেন, ভোটের সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে, তবে পরিকল্পনা অনুযায়ী বুধবারই ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।