এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে আবারও বিতর্কে ট্রাম্প
প্রয়াত মার্কিন শিশু যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টিনের সঙ্গে আবারও ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রকাশিত কয়েকটি ই-মেইলকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডেমোক্র্যাট দল সম্প্রতি এপস্টিনের পাঠানো কিছু ব্যক্তিগত ই-মেইল প্রকাশ করেছে, যেখানে ট্রাম্পের নাম এবং তাকে ঘিরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পাওয়া গেছে।
২০১১ সালে এপস্টিন তার ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলকে পাঠানো এক বার্তায় লেখেন, “কুকুরটা (ট্রাম্প) এখনো ঘেউ ঘেউ করেনি।” একই ই-মেইলে তিনি উল্লেখ করেন, ট্রাম্প নাকি তার বাড়িতে এক নারী ভুক্তভোগীর (নাম গোপন রাখা হয়েছে) সঙ্গে রাত কাটাচ্ছেন।
এছাড়া ২০১৯ সালে সাংবাদিক মাইকেল উলফকে পাঠানো আরেক বার্তায় এপস্টিন দাবি করেন, “ট্রাম্প ওই মেয়েদের ব্যাপারে জানত।”
তবে হোয়াইট হাউস এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি কেরোলিন ল্যাভিট এক বিবৃতিতে বলেন, “ডেমোক্র্যাটরা নির্বাচনী উদ্দেশ্যে বেছে বেছে কিছু ই-মেইল প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা গল্প বানানোর চেষ্টা করছে।”
তিনি আরও জানান, ই-মেইলে উল্লিখিত ভুক্তভোগী ছিলেন প্রয়াত ভার্জিনিয়া জিউফ্রে, যিনি একাধিকবার প্রকাশ্যে বলেছেন যে ট্রাম্প তার প্রতি কোনো অনৈতিক আচরণ করেননি।
২০১৯ সালে জেলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন এপস্টিন। ওই বছর তার জন্মদিনে ট্রাম্পের পাঠানো শুভেচ্ছাবার্তা ও তাদের পুরনো ছবি প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে বিতর্ক শুরু হয়।
যদিও ট্রাম্প দাবি করেন, ৯০-এর দশকের পর থেকে এপস্টিনের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না এবং তিনি এপস্টিনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না।
ডেমোক্র্যাট সদস্যরা জানিয়েছেন, ট্রাম্প ও এপস্টিনের সম্পর্কের বিষয়ে আরও প্রমাণ তারা সামনে আনবে।