পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত, নিন্দায় হামাস ও ইসলামিক জিহাদ
দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরের উত্তরের বেইত আমর এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)। খবর—মিডল ইস্ট আই।
স্থানীয় সূত্রগুলো জানায়, নিহত কিশোররা হলেন মোহাম্মদ আবু আয়্যাশ ও বিলাল বাহা বুরান।
এক বিবৃতিতে হামাস বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরজুড়ে যে ধারাবাহিক হত্যাকাণ্ড চালাচ্ছে, তা কখনো সফল হবে না। এই বর্বরতা ফিলিস্তিনিদের মনোবল আরও দৃঢ় করবে এবং প্রতিরোধের ইচ্ছাকে শক্তিশালী করবে। সংগঠনটি হেবরনসহ পশ্চিম তীরের জনগণকে প্রতিরোধ বাড়ানোর এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানায়।
অন্যদিকে পিআইজে বলেছে, দুই শিশুকে হত্যা এবং তাদের মরদেহ আটকে রাখা সরাসরি হত্যাকাণ্ড ও স্পষ্ট যুদ্ধাপরাধের শামিল।