মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনার ঘটনায় দুঃখ প্রকাশ করল বিবিসি, ক্ষতিপূরণে অনড় অবস্থানে ট্রাম্প

ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনার ঘটনায় দুঃখ প্রকাশ করল বিবিসি, ক্ষতিপূরণে অনড় অবস্থানে ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনার ঘটনায় দুঃখ প্রকাশ করল বিবিসি, ক্ষতিপূরণে অনড় অবস্থানে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারি দেওয়া ভাষণের অংশ কাটছাঁট করে প্রচার করায় বিবিসি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে এ ঘটনার জন্য ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি প্রতিষ্ঠাটি। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, বিবিসি অবশ্যই ক্ষতিপূরণ দেবে।

তথ্যচিত্রে ভুল সম্পাদনা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠান। অভিযোগ অনুযায়ী, সম্পাদনার মাধ্যমে দর্শকদের বিভ্রান্ত করা হয়েছে এবং ট্রাম্পকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বিতর্কের পরিপ্রেক্ষিতে বিবিসি জানায়, প্যানোরামা অনুষ্ঠানে সম্পাদনার কারণে এমন ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন, যা অনিচ্ছাকৃত সম্পাদনা–ভুলের ফল। একই সঙ্গে তারা জানায়, অনুষ্ঠানটি আর সম্প্রচার করা হবে না।

এ ঘটনার জের ধরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।

এদিকে ডেইলি টেলিগ্রাফ ২০২২ সালে বিবিসির নিউজনাইট–এ প্রচারিত আরেকটি সম্পাদিত ভিডিও প্রকাশ করে নতুন করে বিতর্ক তৈরি করে। পর্যালোচনার পর বিবিসির ‘কারেকশনস অ্যান্ড ক্ল্যারিফিকেশনস’ বিভাগ জানায়, ভাষণের অংশগুলো একত্রে জুড়ে দেওয়ায় এটি একটানা বক্তব্য মনে হতে পারে, যা ভুল হলেও ছিল অনিচ্ছাকৃত।

বিবিসি স্পষ্ট করেছে, সম্পাদনার কারণে বিভ্রান্তি সৃষ্টি হলেও এ ঘটনার ভিত্তিতে মানহানির মামলা টিকবে বলে তারা মনে করে না। এছাড়া বিতর্কিত ভিডিওটি যুক্তরাষ্ট্রে প্রচারিত হয়নি, ফলে ট্রাম্পের কোনো বাস্তব ক্ষতি হয়নি। ক্লিপটিও ছিল মাত্র ১২ সেকেন্ড, পুরো এক ঘণ্টার প্রতিবেদনের একটি ক্ষুদ্র অংশ।

বিবিসির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে পাঠানো এক ব্যক্তিগত চিঠিতে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান, ওই প্রামাণ্যচিত্র পুনঃপ্রচার করার কোনো পরিকল্পনা নেই।

অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ বজায় রেখে বলেছেন, বিবিসি ধারাবাহিকভাবে ট্রাম্পকে মানহানির শিকার করেছে এবং ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে।

বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উচ্চমান বজায় রাখার চেষ্টা করে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।