অর্থ আত্মসাৎ ও হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
অর্থ আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেছেন। এর আগে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রবিবার সন্ধ্যায় মেহজাবীন ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আলাউদ্দিন জানান, গত ৩ নভেম্বর মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ মামলার গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য রয়েছে।
নথি অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রতিশ্রুতি দিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই। এরপর দীর্ঘসময় পার হলেও তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ নেননি। টাকা ফেরত চাইলে বারবার সময়ক্ষেপণ করতেন বলে অভিযোগ।
গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাই বাদীকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে আসতে বলেন। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন বাদীকে গালাগাল করেন এবং বাসার সামনে গেলে ‘মেরে ফেলার’ হুমকি দেন বলে মামলায় উল্লেখ আছে।
বাদী বিষয়টি ভাটারা থানায় জানালে থানা তাকে আদালতে মামলা করতে পরামর্শ দেয়। পরে আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের হাজির হতে নির্দেশ দেন, কিন্তু হাজির না হওয়ায় ৩ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।