কুড়িগ্রামে তাপমাত্রা নেমে ১২.৭ ডিগ্রি, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত
কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার দাপট বাড়ছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সকাল থেকে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। উত্তরের হিমেল বাতাসে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে।
তবে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত রোগ বাড়ছে।
শীত অনুভূতি বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় গরম কাপড় কেনার ভিড়ও বেড়েছে। কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট ও নছর উদ্দিন মার্কেটে উপচে পড়া ভিড় দেখা গেছে। উচ্চ আয়ের মানুষ শপিংমলে ভিড় করলেও নিম্ন আয়ের মানুষরা প্রয়োজনীয় গরম কাপড় কিনতে ছুটছেন পুরনো কাপড়ের দোকানে।
যাত্রাপুর ইউনিয়নের আমিনুল ইসলাম (৫০) বলেন, “ঘন কুয়াশা ও ঠাণ্ডার কারণে কাজ করতে পারছি না। হাতে তেমন টাকা নেই, তাই ধার করে বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি। গত বছরের তুলনায় কাপড়ের দাম অনেক বেড়েছে।”
আরেক ক্রেতা মরিয়ম বেগম (৫০) বলেন, “ঠাণ্ডা বেড়েছে, তাই ছেলে-মেয়েদের জন্য গরম কাপড় নিতে এসেছি। দাম বাড়লেও কিনতেই হলো।”
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুয়াশার পাশাপাশি তাপমাত্রা দিন দিন কমছে। জেলায় গড় তাপমাত্রা ১২–১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে এবং ঘণ্টায় ১০–১৪ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বইছে।