দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি, ভরি ২২ ক্যারেটের দাম ছাড়াল ২ লাখ ১৫ হাজার টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক ধাপে ৩ হাজার ৪৪২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ রোববার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এর মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আবার দাম বাড়ানোয় দুই দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ৪ হাজার ৪৯২ টাকা বৃদ্ধি পেল।
নতুন মূল্যতালিকা অনুযায়ী,
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ৩ হাজার ৪৪২ টাকা বাড়িয়ে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ৩ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ২ হাজার ৪১৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।