ব্রিটেন ও ফ্রান্স যৌথ হামলা চালালো সিরিয়ায় আইএসের স্থাপনায়
ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছে, যাতে জঙ্গি সংগঠনটি পুনরায় শক্তিশালী হতে না পারে। ফ্রান্স জানিয়েছে, এটি ‘অপারেশন ইনহেরেন্ট রিসলভ’-এর অংশ, যা ইরাক, সিরিয়া ও লিবিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আন্তর্জাতিক অভিযান।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার রাতে ফ্রান্সের সঙ্গে সমন্বয়ে সিরিয়ায় একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো হয়, যা আইএস অস্ত্র মজুদের জন্য ব্যবহার করতে পারে। বিবৃতিতে বলা হয়, “রয়েল এয়ার ফোর্স ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে দাইশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাটি দাইশ দখলে ছিল, সম্ভবত অস্ত্র ও বিস্ফোরক সংরক্ষণের জন্য। চারপাশে কোনো বেসামরিক বসতি নেই।”
ফরাসি সশস্ত্র বাহিনীও এক বিবৃতিতে জানায়, ন্যাটোর এই দুই মিত্র দেশ আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, “দাইশের পুনরুত্থান রোধ করা অঞ্চলটির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।”
আইএস ২০১৯ সালে সিরিয়ায় ভৌগোলিকভাবে পরাজিত হলেও এখনও মরুভূমি অঞ্চলে তাদের উপস্থিতি রয়েছে। গত মাসে পালমিরায় আইএস বন্দুকধারীর হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক নিহত হন। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রও সিরিয়ায় আইএসের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।