গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ কোনো পরিস্থিতি নেই: প্রধানমন্ত্রী নিলসেন
গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো হঠাৎ করে কোনো দেশের দখলে চলে যাওয়ার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেছেন, গণমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে সরাসরি যোগাযোগ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই বিষয়গুলো সমাধান করা উচিত।
সোমবার এক সংবাদ সম্মেলনে নিলসেন বলেন, গ্রিনল্যান্ডকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা সঠিক নয়। তার ভাষায়, গ্রিনল্যান্ড একটি গণতান্ত্রিক দেশ এবং বহু বছর ধরেই এই গণতান্ত্রিক ধারা বজায় রয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাস্তবতা এমন নয় যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে। তাই ভয় পাওয়ারও প্রয়োজন নেই। বরং অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ভালো সহযোগিতার সম্পর্ক ছিল, তা পুনরুদ্ধারের দিকেই মনোযোগ দেওয়া উচিত।
গ্রিনল্যান্ড বর্তমানে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে নিলসেন বলেন, জনগণের উদ্বেগ তিনি পুরোপুরি বুঝতে পারছেন। তবে সম্ভাব্য বা কাল্পনিক সামরিক অভিযান নিয়ে আলোচনা করাকে তিনি অনুপযুক্ত বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এমন কোনো অবস্থায় গ্রিনল্যান্ড নেই যে রাতারাতি দেশের দখল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করতে হবে। দেশটির ভেতরে এবং মিত্র দেশগুলোর সঙ্গে ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, গ্রিনল্যান্ডকে দেখাতে হবে যে তারা একসঙ্গে আছে এবং মিত্রদের সঙ্গেও সংহতি অটুট রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ডেনমার্কের অধীন স্বশাসিত এই ভূখণ্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার একদিন পরই ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলের আহ্বান জানান।