জাপানের চুগোকু অঞ্চলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই
জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য জানিয়েছে। প্রধান কম্পনের পর এলাকায় একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়।
জেএমএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারে। তবে ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান চুগোকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, কম্পনের পর বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অস্বাভাবিকতা দেখা যায়নি। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটিও বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।