রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় আরও একটি পরিত্যক্ত চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব-১০ সূত্র জানায়, নিয়মিত টহল ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে পাংশা উপজেলায় অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে মো. সোহেল রানা (২২) নামের এক যুবককে একটি চোরাই সুজুকি জিক্সার (মনোক্রোম ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে আজিজ সরদার বাস স্ট্যান্ড এলাকা থেকে মো. সাদ্দাম মন্ডল (২৭) কে একটি চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (ব্ল্যাক) মোটরসাইকেলসহ আটক করা হয়।
এছাড়া আজিজ সরদারের বাস স্ট্যান্ড এলাকা থেকেই রেজিস্ট্রেশনবিহীন আরও একটি টিভিএস এপাচি ফোর-ভি (রেড) মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা কালুখালী উপজেলার বাস্তগোলা এলাকার মো. রফিক মন্ডলের ছেলে এবং সাদ্দাম মন্ডল চরঝিকরীপুর পশ্চিমপাড়া এলাকার ছেকেন মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।