সিফাতের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ‘ভিন্ন চিত্র’ পেল পল্লী বিদ্যুৎ
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করা সিফাত আব্দুল্লাহর অভিযোগ তদন্ত করে ভিন্ন চিত্র পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাত আব্দুল্লাহর বাড়িতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে। গত চার মাসে ওই তিনটি মিটারে সব মিলিয়ে ১৬ হাজার ২৭৩ টাকা বিদ্যুৎ বিল এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের বিষয়টি তদন্ত করতে জোনাল অফিসের কর্মকর্তারা সিফাতের বাড়িতে যান। এ সময় তারা বাসায় ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের প্রকৃত তালিকা সংগ্রহ করতে চাইলে পরিবারের পক্ষ থেকে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন সিফাত আব্দুল্লাহ।
ওই ভিডিওতে তিনি দাবি করেন, গত দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে। এ বিলকে তিনি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে সিফাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।