শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশরংপুরের চার খুনে দ্রুত চার্জশিট, দ্রুত বিচার শেষের আশ্বাস

রংপুরের চার খুনে দ্রুত চার্জশিট, দ্রুত বিচার শেষের আশ্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
রংপুরের চার খুনে দ্রুত চার্জশিট, দ্রুত বিচার শেষের আশ্বাস

রংপুরে চার খুনের ঘটনায় অল্প সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে এবং দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।


শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ত্রাণমন্ত্রী বলেন, চার খুনের ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। তদন্তে নতুন নতুন বিষয় সামনে আসায় কিছুটা সময় লাগছে।


তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া সম্ভব হবে এবং দ্রুততম সময়ে বিচার কার্যক্রম শেষ করা হবে।


রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো কতটা বাস্তবায়ন হয়েছে, তা পর্যালোচনা করতেই তিনি হাসপাতালে এসেছেন। আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


পরে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় অংশ নেন। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।


এর আগে নগরীর গুপ্তপাড়ায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু।